সময় কলকাতা ডেস্কঃ বঙ্গবিজেপিতে ক্রমাগত বেড়েই চলেছে রক্তক্ষরণ। আদি-নব্যদের বিবাদ না চাইতেও প্রকাশ্যে আসছে বারবার। এসবের মাঝেই একুশের নির্বাচনের পর দুদিনের জেলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার রাত ৯ টায় কলকাতায় আসেন তিনি। এদিন দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর বিমানবন্দর থেকে নাড্ডা সোজা চলে যান নিউটাউনের একটি হোটেলে।

জানা গিয়েছে, ৮ এবং ৯ জুন ঢালাও কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। বুধবার সকালে চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত ‘বন্দেমাতরম’ ভবনে যাবেন তিনি। তারপর চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করবেন। সেখান থেকে রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করার জন্য সোজা চলে যাবেন ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে। দলের রাজ্য কার্যকারিণী বৈঠক রয়েছে সেখানে। বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। ওই দিন দুপুর থেকেই দলের সাংসদ-বিধায়ক এবং রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে পারেন তিনি। এরপর বৃহস্পতিবার বিকেলে কলামন্দিরে একটি নাগরিক সভাতেও যোগ দেওয়ার কথা আছে তাঁর।

ইতিমধ্যেই, অভিমান ভুলে দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সভাপতির বৈঠকে থাকার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। বিকেলে মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে কলামন্দিরে বিশিষ্টজনদের নিয়ে সভায়ও উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। তারপরেই দিল্লি চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দল ছেড়েছেন অনেক হেভিওয়েট নেতৃত্ব। কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলায় সংগঠনকে চাঙ্গা করতেই নাড্ডার বাংলা সফর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি