সময় কলকাতা ডেস্কঃ এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ৪৩ মাসের চাকরি জীবনের প্রাপ্ত বেতনের সবটুকুই দুটো কিস্তিতে ফেরত দিতে হবে। এবার কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাপ্ত বেতনের একাংশ প্রথম কিস্তিতে ফেরত দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। হাইকোর্টে এদিন তাঁর আইনজীবী জানান, প্রথম কিস্তিতে ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফেরত দিয়েছেন মন্ত্রীকন্যা। বাকি টাকাও সময়মতো ফেরত দেবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যে স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। তবে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। তারপরেই হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি হারান পরেশ-কন্যা। ৪৩ মাস স্কুলে চাকরি করে যে বেতন পেয়েছেন তিনি, তার সমস্ত অর্থ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৭ জুন ও ৭ জুলাই – দুই কিস্তিতে বেতন ফেরানোরও নির্দেশ দেন বিচারপতি।
তবে শুধু টাকা ফিরিয়ে দেওয়াই নয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে এসএসসির শিক্ষিকা হিসেবে আর গণ্য করা হবে না। তাঁকে বরখাস্ত করতে হবে বলেই জানানো হয়েছিল। এমনকী অঙ্কিতা-সহ আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের কাউকেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি