Home » বাম আমলেও চিরকূট দিয়ে বাম নেতাদের আত্মীয়দের চাকরি হত, আমরা চুপ থাকতাম: ফিরহাদ

বাম আমলেও চিরকূট দিয়ে বাম নেতাদের আত্মীয়দের চাকরি হত, আমরা চুপ থাকতাম: ফিরহাদ

সময় কলকাতা ডেস্ক: এসএসসি ও টেট-দুর্নীতি ইস্যুতে হাইকোর্টের কাছে যখন রাজ্য সরকার বারবার ভর্ৎসনার সম্মুখীন হচ্ছে, ঠিক সে সময় রাজ্য সরকারি চাকরি দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল জমানায় চাকরি দুর্নীতি নিয়ে বর্তমান সরকারের স্বচ্ছ মূর্তি তুলে ধরতে তিনি টানলেন বাম আমলের ‘চিরকুট চাকরি’ প্রসঙ্গ।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, বাম আমলেও চিরকূট দিয়ে বাম নেতাদের আত্মীয় পরিজনের চাকরি হত। বাম নেতাদের আত্মীয়দের চাকরি দেওয়া নিয়ে তাঁরা বিরোধী শক্তি হিসাবে সোচ্চার হতেন না। তাঁর দাবি, মানুষ একটি কাজ পাচ্ছে তাই চুপ থাকতেন তারা। কিন্তু বর্তমানে সিপিএম বিজেপির সঙ্গে মিলে উচ্চস্বরে চিৎকার করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিন কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পেরও তীব্র সমালোচনা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, “দেশের যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র।”

অপরদিকে বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর একের পর এক নেতা দল ছেড়ে তৃণমূল শিবিরে নাম লিখিয়েছে। তা সত্ত্বেও বিজেপি নিজের ঘর গোছাতে ব্যস্ত। এমত পরিস্থিতিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে আসছেন অরবিন্দ মেনন। বিজেপির জাতীয় নেতার রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “রাজ্যে কত মানুষ আসছে তাতে কার কি যায় আসে?”

 

About Post Author