Home » যোগে থাকুন, সুস্থ থাকুন!

যোগে থাকুন, সুস্থ থাকুন!

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরই ২১ জুন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রত্যেকবারের মতো এদিনও দেশজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। মানুষের জীবনে যোগাভ্যাসের ঠিক কতটা প্রয়োজন রয়েছে, সেই বিষয়েই সচেতনা বাড়াতে এই দিনটি পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছরই যোগ দিবসের একটা থিম থাকে। এবছরের থিম হল ‘যোগা ফর হিউম্যানিটি’। মানব দেহে যোগব্যায়ামের অনুশীলনের গুরুত্ব কতটা, সেই সম্পর্কে আলোচনা করাই এই থিমের মূল লক্ষ্য। ভারতেই প্রথম যোগচর্চা শুরু হয়েছিল তার উল্লেখও পাওয়া যায় ঋক বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অনেক।

ব্যস্ততম দিনে কাজের চাপ হোক কিংবা ব্যক্তিগত জীবনের চাপ, নানা কারণে স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেসমুক্ত জীবন পেতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। নিয়মিত যোগাসনের অভ্যাস করলে মন শান্ত থাকে। স্ট্রেস দূর হয়। বর্তমানে খুব অল্প বয়সেই ডায়াবেটিস, প্রেসার, হার্টের মতো নানান রোগ শরীরে বাসা বাঁধছে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত যোগা করার পরিমর্শ নিয়ে থাকেন অনেকে। তাই সুস্থ থাকতে রোজ নিয়ম করে যোগাসন করুন।

খুব ছোট বয়স থেকে শুরু করা যায় যোগব্যায়াম। আবার বৃদ্ধ বয়সেও সুস্থ থাকার জন্য ভরসা করা যায় যোগব্যায়ামের উপরে। তবে শুরু করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়। সকালে যোগব্যায়ামের অভ্যাস করা সবচেয়ে ভাল। ভরা পেটে যোগব্যায়াম করা উচিত নয়। সকালে খালি পেটে যোগ অভ্যাস করতে হবে। খাওয়ার অন্তত কয়েকঘণ্টা পরে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের সময় জামাকাপড়ের দিকেও খেয়াল রাখতে হবে। ঢিলে ও আরামদায়ক পোশাক পরা প্রয়োজন। খুব আটোসাঁটো পোশাক পরে যোগাভ্যাস করা উচিত নয়। যোগব্যায়ামে দক্ষ হতে দীর্ঘদিনের অভ্যাস ও অনুশীলন প্রয়োজন।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। সেই থেকেই প্রতি বছর ২১ জুন সারা বিশ্বের সাড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

About Post Author