সময় কলকাতা ডেস্কঃ সুদের পাওনা টাকা আনতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ এক মহিলা। এখনও পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউটাউন গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। নিখোঁজ মহিলার নাম ননিবালা গাইন।

জানা গিয়েছে, গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডের কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মুরগির দোকান রয়েছে। তারা দুজন নিখোঁজ ওই মহিলার থেকে ব্যবসার জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। এরপর ১৯ তারিখ রাতে সুদের পাওনা টাকা আনতে যায় নিখোঁজ ননিবালা গাইন। অভিযোগ, তাকে দোকানে ঢুকতে দেখা গেলেও দোকান থেকে বেরোতে কেউ দেখেনি। এরপরই ননিবালা দেবী রাতে বাড়িতে না পৌঁছলে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে। কিন্তু টানা দুদিন ধরে তার কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা মঙ্গলবার নিউটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুরগির দোকানে থাকা বিনয় মন্ডল ও মৃন্ময় মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ড এর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে নিউটাউন থানার পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী