Home » উধাও প্রেমিক! বিয়ের দাবিতে ধর্নায় প্রেমিকা

উধাও প্রেমিক! বিয়ের দাবিতে ধর্নায় প্রেমিকা

সময় কলকাতা ডেস্ক: বিয়ের কথা বলে হঠাৎ করেই উধাও প্রেমিক। সম্পর্ক টিকিয়ে রাখতে শেষে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন প্রেমিকা। কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের ঘটনা।

কথায় বলে, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। যতই দূরত্ব বাড়ুক, যতই মনোমালিন্য হোক, কথা কাটাকাটি হোক না কেন, মনের মানুষের হাত সহজে ছেড়ে দেওয়া যায়? না, যায় না! আবার কোনও কোনও ব্যক্তি খুব সহজেই সমস্ত সম্পর্কের দায় এক মুহূর্তেই এড়িয়ে যেতে পারেন। ঠিক এমনই চিত্র উঠে এসেছে কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকে। মনের মানুষকে ফিরে পেতে, প্রেমিকের বাড়ির সামনেই হত্তে দিয়ে বসে পড়েছেন প্রেমিকা। অভিযোগ, চাকরি পেয়েই ফোন নম্বর ব্লক করে উধাও প্রেমিক। শেষে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন প্রেমিকা। তবে, প্রেমিকার ধর্নায় বসার পর থেকে প্রায় দেড় দিন পার হয়ে গেলেও মন গলেনি প্রেমিকের বাড়ির লোকজনের।

জানা গিয়েছে, কোচবিহারের সাঙ্গারবাড়ি এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে মাথাভাঙ্গা-১ নম্বর ব্লকের কুর্শামারির যুবক আশু বর্মণের প্রেমের সম্পর্ক গড়িয়েছিল সোশ্যাল মিডিয়ার দৌলতেই। যুবতীর দাবি, তাঁর কাছে নাকি তাদের প্রণয়ঘটিত সম্পর্কের সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। কিন্তু, সম্প্রতি আশু বর্মণ চাকরি পেতেই ওই যুবতীর সঙ্গে সম্পর্ক রাখতে চান না বলেই অভিযোগ উঠেছে‌। কিন্তু, নাছোড়বান্দা যুবতী আশুর সাথে বিয়ের দাবি নিয়ে আশু বর্মণের বাড়ির সামনে হাজির হন। তিনি জানান, বিয়ে করার কথা বলে তাঁকে ফোন করে এবং তাঁকে বাড়িতে যেতে বলে। কিন্তু ফোনে কথা বলার পর থেকেই তাঁর মোবাইল নম্বর ব্লক করে রেখেছে। প্রেমের সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। প্রেমিকা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না তাঁর প্রেমিক ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ধর্না চালিয়ে যাবেন। যদিও, প্রেমিকের পরিবারের পাল্টা অভিযোগ, যুবককে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে ওই যুবতী।

About Post Author