Home » মুখ বাঁচাতেই কি সরানো হল কল্যাণময়কে ?

মুখ বাঁচাতেই কি সরানো হল কল্যাণময়কে ?

সময় কলকাতা ডেস্কঃ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলে স্কুল শিক্ষা দফতর সূত্রে একথা জানানো হয়েছে। তাঁর বদলে অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করা হয়েছে ৯ সদস্যের অ্যাডহক কমিটি। তাঁরাই পরিচালনা করবেন মধ্যশিক্ষা পর্ষদ।

স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল কল্যাণের বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানায় কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। এই মামলায় কল্যাণকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠিত  কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই একাধিকবার জেরা করেছে সিবিআই। এমনকি মধ্যশিক্ষা পর্ষদ দফতরে তল্লাশি করার সময় তাঁকে বাড়ি থেকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র তৈরি করে শান্তিপ্রসাদ সিনহার হাতে তুলে দেওয়ারও  অভিযোগ রয়েছে।

তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদে বহাল রাখার জন্য ওই পদে অবসরের বয়স বাড়িয়ে ৬৮ বছর করেছিল মমতা সরকার। এই মর্মে বিধানসভায় আইন পাশও করে তারা। কিন্তু সেই বয়সও পার হয়ে যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তার পরও তিনি বহাল তবিয়তে ছিলেন অই পদে। অবশেষে এসএসসি দুর্নীতিতে নাম জড়ানোয় সরতে হল তাঁকে।

স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায় এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ সামলাবেন। তার সঙ্গে কাজ করবে ৯ সদস্যের অ্যাড হক কমিটি। অবশেষে গ্রেফতারি অবশ্যম্ভাবী জেনেই কি মুখ বাঁচাতে শেষ পর্যন্ত সরানো হল কল্যাণময়কে? প্রশ্ন বিরোধীদের।

About Post Author