Home » ২৭ জুন থেকে খুলছে রাজ্যের সরকারি স্কুল

২৭ জুন থেকে খুলছে রাজ্যের সরকারি স্কুল

সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে ২৭ জুন করোনা বিধি মেনে স্কুল খোলার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে শুক্রবারের মধ্যে স্কুলগুলিকে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল পুরোপুরি স্যানিটাইজ করতে হবে। স্কুলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের করোনা টিকা নেওয়া আবশ্যিক। ছাত্রছাত্রীদের কোভিড টিকা নেওয়া থাকলে তবেই তারা স্কুলে আসতে পারবে।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে,স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। পৃথকভাবে স্কুলে স্যানিটাজারের ব্যবস্থাও রাখতে হবে। শুক্রবার যাবতীয় প্রস্তুতি সেরে প্রত্যেকটি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে হবে। ছাত্রছাত্রীরা সোমবার থেকেই স্কুলে আসবে। করোনার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ রুখতেও স্কুলগুলিকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। স্কুলের কোথাও জমা জল যাতে না থাকে সে বিষয়েও স্কুলগুলিকে নজর রাখতে হবে। জেলার শিক্ষা আধিকারিকদের মারফত প্রত্যেকটি স্কুলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান,‘গরমের ছুটি বাড়িয়ে দিয়ে ছাত্রছাত্রীদের পঠনপাঠনে সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার। স্কুলগুলিকে শুধু নির্দেশ দিলেই হবে না। বাস্তব পরিস্থিতি বুঝতে হবে শিক্ষা দপ্তরকে। তবে অবশেষে যে স্কুল খুলছে,এটাই আপাতত স্বস্তির।’

প্রসঙ্গত, তাপপ্রবাহ শুরু হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেন। তারপর তীব্র দাবদাহের কারণে রাজ্যের শিক্ষা দপ্তর সেই ছুটি আরও ১১ দিন বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। অবশেষে গরমের ছুটির পর খুলছে স্কুল।

About Post Author