সময় কলকাতা ডেস্কঃ জিটিএ নির্বাচনের উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলাফল ঘোষণাতেও কোনো বাধা থাকবে না বলেই জানিয়ে দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। যদিও জিটিএ নির্বাচনে সাংবিধানিক বৈধতার বিষয়টি নিয়ে শুনানি গ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত জিটিএ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল জিএনএলএফ। তাদের বক্তব্য ছিল,সংবিধান সংশোধন না করে এই নির্বাচন করা যায় না।
রাজ্য সরকার ২০১১ সালে জিটিএ তৈরি করেছিল। ১৯৮৮ সালে দার্জিলিংয়ের গোর্খা হিল কাউন্সিল তৈরি করা হয়। সেখানেই সংবিধানের বিষয়টি সংযোজন করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার ২০১১ সালে হঠাৎ করেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তৈরি করে। যা সংবিধান সংশোধন না করেই তৈরি করা হয়। ফলস্বরূপ পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই অবৈধ বলে দাবি জানানো হয় জিএনএলএফ এর পক্ষ থেকে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “জিটিএ নির্বাচন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পোস্টাল ভোটও পড়ে গিয়েছে। আদালতের কোনোভাবেই এই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা উচিত নয়। বৃহস্পতিবার দুই পক্ষের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়ে দেন জিটিএ নির্বাচনের উপর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?