Home » জমে উঠেছে টেস্ট, জিততে পারে যেকেউ

জমে উঠেছে টেস্ট, জিততে পারে যেকেউ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনায় ভরপুর এজবাস্টন টেস্ট। জিততে পারে ভারত, ইংল্যান্ডের যেকেউ। তবে কিছুটা হলেও অ্যাডভান্টেজ ইংল্যান্ড।

ভারতের দ্বিতীয় ইনিংস ২৪৫ রানে শেষ হওয়ায় ইংল্যান্ডের সামনে যে সুযোগ এসেছে তা তাদের ব্যাটসম্যানরা কাজে লাগিয়েছেন । প্রাথমিকভাবে তারা অনেকটাই সফল। ক্যাচ ফেলে তাদের সাহায্য করতে কসুর রাখেন নি ভারতীয় ফিল্ডাররা।হনুমা বিহারী গুরুত্বপূর্ণ সময়ে ফস্কালেন বেয়ারস্টোর ক্যাচ। ২১ রানে ক্যাচ পড়ার পরে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছেন বেয়ারস্টো। রুট ও সাবলীল।ফলে জাঁকিয়ে বসেছে রুট বেয়ারস্টো জুটি। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ২৫৯।

অন্যদিকে,অধিনায়ক বুমরা প্রানপনে চেষ্টা করছেন। উইকেট তুলছেন, এদিনও দুটি উইকেট পেলেন কিন্তু কাজ কঠিন করে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি, গিল, হনুমা বিহারী এবং শ্রেয়স আইয়ার যাদের ব্যাটসম্যান হিসেবে কোনও ভূমিকা ছিল না এ ম্যাচে। পূজারার ৬৬ রান ছাড়া পন্থ আবার পঞ্চাশ করলেন। সাধ্যমত চেষ্টা করেছেন জাদেজাও।বাকি ব্যাটসম্যানদের কথা যত কম বলা যায় ততই ভালো।কোহলি মাঠে শরীরী ভাষা দিয়ে আগুন ঝরাতে ব্যস্ত আর সৌরভ গাঙ্গুলিকে মাঠের বাইরে জবাব দিতে ছাড়েন না। অথচ মাঠে তাঁর ব্যাট ইদানীং বড্ড শান্ত। এদিনও ব্যর্থ হলেন কুড়ি ওভারে ধারাবাহিক সাফল্য পাওয়া শ্রেয়স। আর পঞ্চাশ রান তুললে  টেস্ট ও সিরিজ জয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত থাকতে পারত ভারত।শারদুল ও ব্যাটে বলে হতাশ করছেন। পিচে টার্ন নেই যে জাদেজা কিছু আহামরি করবেন! নির্ণায়ক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে তাই ভারত তাকিয়ে থাকছে নতুন অধিনায়ক বুমরা আর তাঁর দুই সহযোগী সামি আর সিরাজের দিকে। বৃষ্টি না হলে ম্যাচে ফলাফল অনিবার্য। মঙ্গলবার প্রথম ঘন্টা অনেকটাই নিশ্চিত করে দেবে ম্যাচের ভাগ্য।ভারত প্রথম ঘন্টায় উইকেট না তুলতে পারলে ইংল্যান্ড ম্যাচ জেতার বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।।

সংক্ষিপ্ত স্কোর ভারত (৪১৬ ও ২৪৫) ইংল্যান্ড (২৮৪ ও২৫৯/৩) চতুর্থ দিনের খেলাশেষ।

About Post Author