Home » শিশুদের শেয়ারিং শেখাবেন কীভাবে?

শিশুদের শেয়ারিং শেখাবেন কীভাবে?

সময় কলকাতা ডেস্কঃ ছোট থেকে শিশুদের মধ্যে ভাগ করে নেওয়া বা অন্যকে ভাগ দেওয়ার যে আনন্দ, সেই বোধটা গড়ে তোলা দরকার। কীভাবে করবেন? রয়েছে কিছু পরামর্শ। শিশুকে ছোট থেকেই বোঝান, কোনও কিছু অন্য কাউকে দেওয়া মানেই নিজের ভাগের থেকে কমে যাওয়া নয়।

সন্তানকে সঙ্গে নিয়ে ওর কাজিন বা বন্ধুদের জন্য উপহার কিনুন। উপহার পছন্দ করার সময় ওর মতামতের গুরুত্ব দিন। আপনার যদি একের অধিক সন্তান থাকে, তাহলে আপনার পক্ষে দায়িত্ববোধ গড়ে তোলাটা একটু সহজ হবে। একজনের হাতে খাবার জিনিস বা খেলনা কিনে দিয়ে বলবেন ভাই-বোনের সঙ্গে সেসব ভাগ করে নিতে। এতে ওর মনের পরিধিটা বড় হবে।

আমরা আমাদের শিশু সন্তানদের জন্য অনেক জামাকাপড় বা খেলনা কিনে থাকি। শিশুকে শেখাবেন যেন সব যত্ন করে রাখে। ওর প্রয়োজন ফুরিয়ে গেলে সেগুলো সুবিধাবঞ্চিত শিশুদের কাজে লাগবে, ছোট থেকেই এই বোধ ওর ভেতর গেঁথে দিন। ওর অপ্রয়োজনীয় জিনিস ওর হাত দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দিতে চেষ্টা করুন।

আপনি নিজেও আপনার পুরনো জিনিস, যাদের প্রয়োজন আছে তাদের দিয়ে বাচ্চার সামনে নিজেকে রোলমডেল হিসেবে গড়ে তুলুন। একা একা খেলার চাইতে বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলায় আনন্দ বেশি, সেটা বুঝিয়ে বলুন।

সন্তানকে বোঝান বন্ধুরা বাড়িতে এলে ও যদি খেলনা না দেয় তাহলে ও যখন বন্ধুদের বাড়ি যাবে, তখন তারাও ওকে তাদের খেলনা দেবে না। শেয়ার করা নিয়ে সন্তানের সঙ্গে জোরাজুরি করবেন না, কারণ তাতে ওর জেদ বেড়ে যাবে। শেয়ারিং ব্যাপারটা ভেতর থেকে গড়ে তোলার বিষয়, তাই ভেতর থেকে এই বোধ গড়ে তুলতে না পারলে কোনও লাভ হবে না।

About Post Author