Home » ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক:  রোদের তীব্রতার মাঝে আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। এখনও স্বস্তির বৃষ্টিতে  ভেজেনি দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর।

পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার, সকাল থেকেই আকাশে ঝলমলে রোদ, সঙ্গে সাদা কালো মেঘ। তবে নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী পাঁচদিন বিক্ষিতভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে, উত্তরবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে। একটানা অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে। টানা বৃষ্টিতে নামতে পারে ভূমিধ্বসও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author