সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ অনিয়ম মামলায় রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই অভিযানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই ধারণা ইডি-র। পাশাপাশি উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা সহ ২০ টি মোবাইল ফোন। যদিও তদন্তে ইতিমধ্যেই অর্পিতার অসহযোগিতার অভিযোগও উঠেছে। কিন্তু কে এই অর্পিতা মুখোপাধ্যায়? রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্কের রসায়নই বা কী, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, গ্ল্যামার দুনিয়া দিয়েই নিজের কেরিয়ার শুরু করেন অর্পিতা। উড়িয়া এবং তামিল ছবিতে একসময় অভিনয় করতেন তিনি। পাশাপাশি শরীরচর্চা এবং ফটোশুট করতেও ভালোবাসেন অর্পিতা। মডেলিং-এর প্রতিও তাঁর ঝোঁক বরাবরই। বিগত কয়েকবছর ধরে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর বিজ্ঞাপনী মডেল হিসেবে দেখা গিয়েছে অর্পিতাকে। একসময় টলিউডে হাত পাকিয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ এই মডেল। জিৎ অভিনীত ‘পার্টনার’ এবং প্রসেনজিৎ অভিনীত ‘মামা ভাগ্নে’ ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন অর্পিতা৷

২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অর্পিতা। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। ওই বছরই অর্পিতার সঙ্গে পরিচয় হয় শিল্পমন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অর্পিতার পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২০১৭ সালে ‘চিন্নামা লাভ’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন অর্পিতা। পাশাপাশি ‘জোর যার মুলুক তার’ নামে একটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে অর্পিতাকে। ওড়িয়া ছবি প্রেম রোগী ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের মা নমিতা দেবী জানান, গত কয়েক বছর ধরে ডায়মন্ড সিটির হরিদেবপুরের ফ্ল্যাটে একাই থাকতেন অর্পিতা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি