সময় কলকাতা ডেস্কঃ প্রত্যেক বছর ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস। ঠিক ২৩ বছর আগে এই দিনেই পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করেছিল ভারতীয় সেনাবাহিনী।
এটা এমন এক যুদ্ধ, যা প্রথমবার ভারতীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছিল। ভারতবাসী চাক্ষুষ করেছিলেন আমাদের দেশের জওয়ানদের বীরত্বকে। ১৯৯৯ সালে যখন ভারতের জম্মু ও কাশ্মীরের আউটপোস্টগুলি দখল নেওয়ার চেষ্টা করে প্রতিবেশী দেশ পাকিস্তান তখনই ওই যুদ্ধ বাধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’।
জম্মু ও কাশ্মীরের কার্গিল দ্রাস সেক্টরে হয়েছিল এই যুদ্ধ। সুউচ্চ পার্বত্য এলাকা ছিল যুদ্ধক্ষেত্র। ওই বছরই ২৬ জুলাই ৫৯৯ জন সাহসী সেনার মৃত্যু ও ১৫৬৩ জনের আঘাতের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনী সমস্ত জায়গা পুনরুদ্ধার করতে সক্ষম হয় ও পাকিস্তানি সেনাকে পিছু হটতে বাধ্য করে।

ভারতীয় সশস্ত্রবাহিনী প্রায় ৬০ দিন ধরে যুদ্ধ করেছিল। ভারতীয় স্থলবাহিনীকে এই যুদ্ধে সাহায্য করেছিল বিমানবাহিনীও। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহিত পরে পাকিস্তান এই যুদ্ধের দায় সম্পূর্ণ ভাবে কাশ্মীরি জঙ্গিদের উপর চাপিয়ে দেয়। যদিও পরে জানা যায় যে, পাকিস্তানের আধাসামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা