Home » রাজ্যজুড়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

রাজ্যজুড়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

সময় কলকাতা ডেস্কঃ ২০১৪ সালে টেট পাস করেছিলেন এমন নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙছে। বৃহস্পতিবার সেই সমস্ত চাকরিপ্রার্থীরা মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিলে সামিল হন। জমায়েত করতে থাকেন প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে। শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট মোড়ে এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যানজট পরিস্থিতিও তৈরি হয়। এদিন আন্দোলনকারীরা রুটিতে তাঁদের দাবিপত্র লিখে প্রতিবাদে সামিল হন। কোলের বাচ্চাকে নিয়ে এক চাকরিপ্রার্থীর প্রশ্ন, পর পর দুইবার ইন্টারভিউয়ের পরও যোগ্যরা কেন বঞ্চিত? জবাব দিন!

আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের টেট পাস করে ইন্টারভিউ দিয়েও ইনক্লুডেড হয়নি বা প্যানেল যুক্ত হয়নি এমন চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল কুড়ি হাজার। ২০১৭ সালের নিয়োগ শুরু হওয়ার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ওই কুড়ি হাজার চাকরিপ্রার্থীকে ধীরে ধীরে নেওয়া হবে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথা মতো প্রায় ১২ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ হয়ে গেলেও আট হাজারের মতো চাকরিপ্রার্থী রাজ্য জুড়ে রয়ে গিয়েছে, যারা এখনো চাকরি পাননি। সেই ক্ষোভেই গত দেড় বছর ধরে ওই চাকরিপ্রার্থীরা একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছিলেন। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসতেই আন্দোলনকারীদের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অবিলম্বে দুর্নীতিতে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে, সেইসঙ্গে নন ইনক্লুডেডদের নিয়োগ করতে হবে এমনটাই দাবি জানিয়ে সরব হন আন্দোলনকারীরা।

অন্যদিকে, একই ইস্যুতে বহরমপুরেও প্রাইমারি টেট পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে সামিল হতে দেখা যায়। তাঁদের দাবি, অবিলম্বে ২০১৪-এর প্রাইমারি টেট-এ উর্ওীণ সকল বেকারদের চাকরি দিয়ে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। এ প্রসঙ্গে টেট উত্তীর্ণ এক প্রার্থী বলেন, ‘আমরা ২০১৪ টেট উত্তীর্ণ প্রার্থী। সরকারের দুর্নীতির কারণে আজ আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি।‘ পাশাপাশি তিনি আরও বলেন যে,‘মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্কুলে নিয়োগ করা হোক।‘

About Post Author