Home » সাতসকালে বিধ্বংসী আগুন নিমতলার কাঠের গুদামে

সাতসকালে বিধ্বংসী আগুন নিমতলার কাঠের গুদামে

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড তিলোত্তমায়। শনিবার সকালে বিধ্বংসী আগুন লাগে নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে একটি কাঠের গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৬ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎই আগুন লাগে ওই কাঠের গুদামটিতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ওই গুদামে মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে এলাকায় প্রচুর শ্রমিক বসবাস করেন। তাঁরা গুদামের ভিতরেই রান্না করে খাওয়া দাওয়া করেন। কোনওভাবে সেই রান্নার সময়ই এই আগুন লেগেছে কিনা, তা+ খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author