Home » সূর্যের তেজে ম্লান ওয়েস্টইন্ডিজ

সূর্যের তেজে ম্লান ওয়েস্টইন্ডিজ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ১৯ তম ওভারের শেষ বল, একদিন আগে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ম্যাচের নায়ক হওয়া ম্যাককয়ের বলকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠালেন ঋষভ পন্থ। ৭ উইকেটে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে আবার সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।তবে পন্থ নয়, এদিনের নায়ক অবশ্যই সূর্যকুমার যাদব।৪৪ বলে অনবদ্য ৭৬ রান করলেন তিনি।

পিচে বল ধীরে আসায় ওয়েস্টইন্ডিজের দেওয়া ১৬৫ রানের টার্গেট চ্যালেঞ্জিং হলেও সূর্যকুমার ওপেনিং করতে নেমে তুলোধোনা করলেন ক্যারিবিয়ান বোলারদের। সূর্যকে ওপেনিং স্লটে খেলানোয় শ্রীকান্ত, রবি শাস্ত্রীর মত দিগগজরা রোহিতের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। সব সমালোচনাকে বাউন্ডারি লাইনের ওপারে ফেললেন স্বয়ং সূর্যকুমার। এদিন খান চারেক ছয় মারলেন। তুলনামূলক বেশি বয়সে সুযোগ পেয়ে টি-টোয়েন্টি ম্যাচে প্রচন্ড মারমুখী হয়ে যেভাবে ছয় মারছেন সূর্যকুমার, সেভাবে চললে অনেক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে তাঁর মধ্যে। মাত্র ২২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললে কি হবে,ইতিমধ্যেই ৩৫ টি ছয় হাঁকিয়ে বসে আছেন তিনি ।এদিন ভারতীয় বোলিং বিভাগে কৃপণ বোলিং করে নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া। যথারীতি আবেশ খান ভয়ঙ্কর পিটুনি খেলেন। তবে অশ্বিন, ভুবনেশ্বর কুমাররা ওয়েস্টইন্ডিজকে বড় রান করা থেকে বিরত রাখেন।শনিবার পরবর্তী ম্যাচে জিতলে টি টোয়েন্টি সিরিজ ভারতের কব্জায় চলে যাবে।

About Post Author