Home » ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির

ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে যাবতীয় তর্ক বিতর্কের অবসান হল। আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হল ইমামি এবং ইস্টবেঙ্গলের মধ্যে। ২ অগাস্ট মধ্য কলকাতার এক হোটেলে এই চুক্তি সই করেন কর্মকর্তারা। চলতি বছরের ২৫ মে নবান্ন থেকে ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী হিসাবে ইমামির নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েকমাস কেটে গেলেও কাটেনি চুক্তি নিয়ে আইনি জট। এই চুক্তি নিয়ে দফায় দফায় আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন কর্মকর্তারা। অন্যদিকে এই চুক্তি সাক্ষর এবং দলের প্রদর্শন নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন শিবিরের সমর্থকরা। অবশেষে দুই পক্ষের মধ্যে যাবতীয় বোঝাপড়া মিটিয়ে এদিন চুক্তি স্বাক্ষরিত হয় ।

এই চুক্তি সইয়ের হাত ধরেই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ‘ইমামি ইস্টবেঙ্গল’ ক্লাব খেলবে। পাশাপাশি আইএসএলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি নাম ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। সর্বোপরি নতুন সংস্থার নাম রাখা হয়েছে ‘ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড’।

প্রসঙ্গত, ’৯০-এর দশকে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে একসঙ্গে কাজ করা শুরু ইমামির। এবার আরও একধাপ পেরিয়ে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হতে পেরে খুশি ইমামির কর্তারাও। আপাতত আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে ভালো দল গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। আইএসএলের জন্যও শুরু হয়েছে প্রস্ততি।

About Post Author