সময় কলকাতা ডেস্ক : মেঘে ঢাকা আকাশ। তার মধ্যেই রয়েছে রোদের লুকোচুরি। কখনও চড়া রোদে বীভৎস গরমে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। একটু বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে কি এবছর মুষলধারে বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ, কী বলছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮০%।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যাতে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে।

অপরদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে । পাহাড়ের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!