Home » ভারতীয় স্পিনারদের বাজিমাত, সিরিজের ফল ৪-১

ভারতীয় স্পিনারদের বাজিমাত, সিরিজের ফল ৪-১

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্টইন্ডিজকে দূরমুশ করল আবার। জয় এল ৮৮ রানে। সিরিজের ফল আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় ভারত ওয়েস্টইন্ডিজের টি টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। তবুও সফর জুড়ে সেভাবে সুযোগ না পাওয়া প্লেয়ারদের খেলিয়ে ভারত নিজেদের শক্তি যাচাই করে নিল। রোহিত না খেলায় অধিনায়কত্ব করলেন হার্দিক। পেসাররা সাফল্য না পেলেও বাজিমাত করেন ভারতের স্পিনার ত্রয়ী ।ভারতের সাত উইকেটে ১৮৮ রানের জবাবে অক্ষর -রবি- কুলদীপের দাপটে ১০০ রানের মধ্যে গুটিয়ে গেল ক্যারিবিয়ানরা। টি টোয়েন্টি সিরিজের ফল ৪-১।ওয়েস্ট ইন্ডিজের শেষ ছ উইকেটের পতন মাত্র ১৭ রানে। সিমরণের হেটমেয়রের অর্ধশতরান বাদ দিলে ওয়েস্টইন্ডিজ ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ ব্যর্থ।তাদের শেষ সাত ব্যাটসম্যানের স্কোর ছিল স্রেফ টেলিফোন নাম্বার।

এদিন ব্যাটিং লাইন আপে রোহিত -সূর্য-ঋষভ না থাকলেও সমস্যা হয় নি। শ্রেয়স আয়ারকে নিয়ে কথা উঠছিল। তিনি ৬৪ রান করে সমালোচকদের স্তব্ধ করালেন। দীপক হুডার সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৭.১ ওভারে তুললেন ৭৬ রান। হুডা করেন ৩৮। শ্রেয়স -হুডার সম্মিলিত রানের চেয়েও কম রান ওয়েস্টইন্ডিজ ব্যাটিং একাদশের। রবি বিষ্ণই পেলেন ৪ উইকেট। তিনটি করে উইকেট অক্ষর ও কুলদীপের। ম্যান অফ দ্যা ম্যাচ অক্ষর প্যাটেল।

About Post Author