সময় কলকাতা ডেস্কঃ খাটাল মালিকদের জায়গা দখল করে প্রমোটিংয়ের চেষ্টা। অভিযোগ কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর তৃণমূল সাংসদ সৌগত রায় ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে সেই ছবিও। অভিযোগ, প্রতিবাদ করায় চলে মারধরও।
জানা গিয়েছে, বেলঘড়িয়া মোহিনী মিল কোয়ার্টার এলাকায় দীর্ঘ ৬০ বছর ধরে ১৫ টি পরিবার গৃহপালিত পশুর খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সাউ সেই খাটালটি তুলে দিয়ে সেখানে প্রমোটিং করতে চাইছেন। বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে আলোচনা হলেও অমিল সুরাহা। খাটাল মালিকদের আরও অভিযোগ, জমি ছাড়তে রাজি না হওয়ায় তাদের ব্যবসা বন্ধ করতে মনোজ সাউ খাটালের ড্রেন পাঁচিল দিয়ে বন্ধ করে দেন। ফলে খাটাল মালিকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শেষমেশ সমস্যার সমাধানে শুক্রবার বিকেলে কাউন্সিলরের সঙ্গে আবারও আলোচনায় বসেন অভিযোগকারীরা। অভিযোগ, আলোচনা চলাকালীনই কাউন্সিলরের কথা মানতে রাজি না হলে, খাটাল মালিকদের মারধর করেন কাউন্সিলর মনোজ সাউ এবং তাঁর অনুগামীরা । তৃণমূলের কাউন্সিলররা দখলদারির রাজনীতি করছে। আক্রমণ বিজেপি নেতা জয় সাহার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্য আসতেই সরব বিজেপি নেতৃত্ব। যদিও, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বেলঘড়িয়ার তৃণমূল টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা। দ্রুত সমস্যা সমাধানের আশায় দিন গুনছেন খাটাল মালিকরা। এ প্রসঙ্গে বিজেপি উত্তর ২৪ পরগনা জেলার কনভেনর জয় সাহা বলেন,‘তৃণমূলের কাউন্সিলররা দখলদারীর রাজনীতি করছে। যেখানে ওদের একের পর এক নেতা মন্ত্রী জেলে চলে যাচ্ছে এই সমস্ত কারণে, তাও এদের লজ্জা নেই। তবে এই দখলদারির রাজনীতি বেশি দিন চলতে পারে না।’

অন্যদিকে এ বিষয়ে বেলঘড়িয়া তৃণমূল টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা বলেন,‘আমাদের কাছে কোন অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। পুরোটাই তদন্ত সাপেক্ষে বিষয়। তবে আইনের পথে গেলে পুলিশ বিষয়টি দেখবে। সেক্ষেত্রে আইন আইনের পথে চলবে।’


More Stories
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়