সময় কলকাতা ডেস্ক : ১৯৪৭ সালে ১৮ আগস্ট বনগাঁ মহকুমায় প্রথমবার উড়েছিল স্বাধীন ভারতের পতাকা।নেপথ্যে রয়েছে কিছু কারণ।
ক্ষমতা হস্তান্তরের পরে ১৫ আগস্ট ভারত স্বাধীনতা দিবস উদযাপন করে। তার একদিন আগেই ১৪ আগস্ট পাকিস্তানে উদযাপিত হয় স্বাধীনতা দিবস । কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হয় ১৮ আগস্ট। এর কারণ ৱ্যাডক্লিফের খসড়া ও অনুন্নত যোগাযোগব্যবস্থা।১৬ আগস্ট ৱ্যাডক্লিফ ও মাউন্টব্যাটন সামনে আনেন ৱ্যাডক্লিফ লাইনের খসড়া। ব্রিটিশ শাসকরা জানতেন এই খসড়া আগে প্রকাশ পেলে গোলযোগ বাঁধবে। তাই উভয় রাষ্ট্রের দেশনায়কদের তাঁরা জানিয়ে রেখেছিলেন এই খসড়া তাঁদের মেনে নিতে হবে।দুই দেশের দেশনায়ক সম্মতি জানিয়েছিলেন।

ৱ্যাডক্লিফ লাইনের খসড়া দেরিতে সামনে আসায় দু-দেশের সীমান্তঘেঁষা বেশ কিছু অংশের মানুষের কাছে পরিষ্কার ছিল না স্বাধীন দেশের মানচিত্র।অনেক জায়গা যথা মালদা, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার অধিবাসীদের কাছে পরিষ্কার ছিল না তাঁরা কোন দেশের বাসিন্দা।উন্নত ছিল না যোগাযোগ ব্যবস্থা। ১৯৪৭ সালের ১৭ আগস্ট বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, নদীয়ার বিস্তীর্ণ অংশের মানুষ জানতে পারেন যে তাঁরা ভারতের সীমানায় রয়েছেন।১৮ আগস্ট বনগাঁ সহ বহু জায়গায় স্বাধীন ভারতের পতাকা ওড়ে। সেই থেকে ১৫আগস্ট ও ১৮ আগস্ট দুদিনই বনগাঁয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে আসছে।

বনগাঁ মহকুমা আদালতে স্বাধীনতা দিবস পালিত হয় ১৮ আগস্ট দিনটিতে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও ৱ্যাডক্লিফ লাইনের খসড়া জনিত জটিলতায় স্বাধীনতা দিবসের বিষয় সর্বত্র প্রাঞ্জল হয় নি।বনগাঁ মহকুমায় বিষয়টি পরিষ্কার হয় ১৭ আগস্ট এবং জানা যায় বনগাঁ স্বাধীন ভারতের অঙ্গ। ১৯৪৭ সালের ১৮ আগস্ট প্রথমবার বনগাঁয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে ১৮ই আগস্ট বনগাঁ মহকুমা আদালতে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনগাঁ মহাকুমা আদালত চত্বরে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস, সভাপতি অমরেশ নারায়ন সুর, জয়েন্ট বার প্রেসিডেন্ট নিতাই পদ সাহা এবং অন্যান্য সিনিয়র আইনজীবীরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেন। সবদিক থেকে ট্র্যাডিসন বজায় রেখে স্বাধীনতা দিবস উদযাপিত হল বনগাঁ মহকুমা আদালতে।।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব