Home » উত্তর চব্বিশ পরগনায় গ্রেফতার দুই আল-কায়দা জঙ্গী

উত্তর চব্বিশ পরগনায় গ্রেফতার দুই আল-কায়দা জঙ্গী

সময় কলকাতা ডেস্কঃ উত্তর চব্বিশ পরগনাতে আবার মিলল আল-কায়দা জঙ্গিদের ডেরার সন্ধান। এবার রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করল দুই আল-কায়দা জঙ্গিকে । উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাত সংলগ্ন শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে । বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে খবর, আল কায়দার ভারতের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তারা। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করত বলেই খবর। ধৃত জঙ্গিদের নাম আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ।

 


তদন্তকারীদের সূত্রে খবর, আব্দুর রাকিব সরকার ওরফে হারিফ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপরদিকে ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান হুগলির আরামবাগের বাসিন্দা। বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স। এরপর সেখান থেকেই ইউএপিএ আইনে আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করতেই কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই সূত্রের খবর। ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু নথি ও আপত্তিকর প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


প্রসঙ্গত, বুধবারই ৪ জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করেছে কলকাতা নগর ও দায়রা আদালত। সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে স্বাধীনতা দিবসের আগে এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে সেই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স।

About Post Author