Home » ফের অনুব্রতকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান

ফের অনুব্রতকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান

সময় কলকাতা ডেস্কঃ ফের অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান। এসএসকেএম হাসপাতালের পর এবার আসানসোলের ইসিএল গেস্ট হাউসের সামনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান দেয় স্থানীয়রা। অনুব্রত আসানসোল আদালতে পৌঁছনোর আগেই বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানানো হয়। এদিকে আগামী চারদিন তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।

শনিবার সকাল ৭ টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে কমান্ড হাসপাতালে রওনা দেয় সিবিআই আধিকারিকরা। কমান্ড হাসপাতালে মেডিকেল টেস্ট করার পর তাকে আসানসোলের সিবিআই এর স্পেশাল আদালতে নিয়ে যাওয়া হয়। মাঝপথে ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সেখানে দুপুরের খাওয়া সারেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। ওই গেস্ট হাউস থেকে বেরনোর সময় এবং আদালতে পৌঁছনোর পর  তাঁকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের ঠিকানা ছিল নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে শনিবার। তাই ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হবে তৃণমূল নেতাকে।

 

About Post Author