সময় কলকাতা ডেস্কঃ একটানা বৃষ্টি ও হড়পা বানের প্রকোপে বিপর্যস্ত আফগানিস্তান। বন্যায় বিধ্বস্ত সেখানকার জনজীবন। বন্যার কবলে পড়ে এখনও পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার। এই মুহুর্তে আফগানিস্তানে ১০ লক্ষেরও বেশি পরিবার খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে ভুগছে।
তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেছেন, পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। বন্যায় ভেঙে পড়েছে ১৭ লক্ষেরও বেশী ফলগাছ। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।
গত ৩ মাস ধরেই একের পর এক দুর্যোগের কবলে আফগানিস্তান। একদিকে খরা, অন্যদিকে বন্যা। আঘাত হেনেছে ভূমিকম্পও। তালিবান মুখপাত্র আরও জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আর এবারে বন্যায় গৃহহীন বহু মানুষ। সামনেই শীতকাল। প্রবল শীতে ওই গৃহহীন মানুষরা আরও সংকটে পড়তে চলেছেন। এই বিপর্যয়ের আবহে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।

চলতি সপ্তাহে আফগানিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রচ্ক । তিনি বলেছেন, বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। তাদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক