সময় কলকাতা ডেস্ক, ১১ মে : ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি তুলে দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে বলে আসা অনুপ্রবেশ সমস্যার কথা।বঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এবং অনুপ্রবেশ সমস্যা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা বাস্তবায়নের দিকে একধাপ অগ্রসর হওয়ার বার্তা। কেন এই বার্তা তাও তিনি সবিস্তারে খোলসা করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রীসভা। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ” জুড়ে আছে আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবেই ।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ৫৬৩ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন যে,তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার কাজ করছে।নির্বাচনী প্রচারকালে অমিত শাহ-র দফতর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছিল যে, পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষিত করতে ৬০০ একর জমির প্রয়োজন, তা “বিএসএফকে দিচ্ছে না মমতা ব্যানার্জী, বিজেপি ক্ষমতায় এলেই সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে”।এখন দেখার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুভেন্দু অধিকারীর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত হয় কিনা।।


More Stories
জুন থেকেই চালু অন্নপূর্ণার ভান্ডার
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু