Home » প্রথম ইন্ট্রা-ন্যাজাল ভ্যাকসিনের অনুমতিতে স্বস্তি

প্রথম ইন্ট্রা-ন্যাজাল ভ্যাকসিনের অনুমতিতে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ ভারত বায়োটেকের বহু প্রতীক্ষিত ন্যাজাল ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিত ভাবে এই ভ্যাকসিন দেওয়া যাবে। গত মাসেই এই ন্যাজাল ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে DCGI-কে রিপোর্ট জমা দেয় ভারত বায়োটেক। এই প্রথম কোনও ন্যাজাল ভ্যাকসিনের অনুমতি দিল ভারত।

জানা গিয়েছে, নাকে স্প্রে করে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন নাক দিয়ে ঢুকে শ্বাসযন্ত্রে বিশেষ সুরক্ষা বলয় তৈরি করবে বলে দাবি গবেষকদের। যারা করোনার দুটি টিকা নিয়েছেন তারাও বুস্টার ডোজ হিসেবে এই টিকা নিতে পারবেন বলে দাবি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর মতে, এই টিকার ব্যবহার কোভিডের বিরুদ্ধে যুদ্ধে ভারতের শক্তি আরও বাড়বে। টুইটে তিনি লিখেছেন,’ এই পদক্ষেপের জেরে করোনা অতিমারির বিরুদ্ধে ভারতের সম্মিলিত লড়াইকে আরও শক্তিশালী হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারত বিজ্ঞান, গবেষণা এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে। বিজ্ঞান এবং সকলের চেষ্টায় ভারত কোভিড ১৯ -কে পরাজিত করবে।’

ভারত বায়োটেকের এই নতুন ভ্যাকসিন করোনা প্রতিরোধে বাড়তি সুবিধা দেবে বলে জানিয়েছেন গবেষকরা। নির্মাণকারী সংস্থার দাবি অনুসারে, এই ভ্যাকসিন করোনা প্রতিরোধ করবে তো বটেই, সেইসঙ্গে করোনা সংক্রমণেও রাশ টানবে। নাকে স্প্রে করা এই ভ্য়াকসিন প্রয়োগে সূচের দরকার নেই। ভবিষ্যতে শিশু বা বৃদ্ধদের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে এই ভ্যাকসিন বাড়তি সুবিধা দেবে বলেই মত চিকিৎসকদের একাংশের।

About Post Author