সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই পরিষ্কার আকাশে সাদা মেঘের ভেলা ! পুজো পুজো গন্ধ বাতাসে! ঝলমলে রোদ্দুরে খুশি খুশি আমেজ। এই আমেজ বজায় রেখে আপাতত দুই বঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণমুখী হওয়ার সম্ভাবনার পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও প্রবল বলে জানা যাচ্ছে।
পূর্বাভাস বলছে, বুধবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, তবে সংলগ্ন কয়েকটি জায়গার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭২ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এদিন ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, তবে সব জেলাতেই রয়েছে হাল্কা বৃষ্টির সম্ভাবনা । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!