Home » ফের নিম্নচাপ! ভাসবে দক্ষিণবঙ্গ

ফের নিম্নচাপ! ভাসবে দক্ষিণবঙ্গ

সময় কলকাতা ডেস্কঃ বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে শনিবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি বাড়বে রবিবার থেকে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে হাওয়া অফিসের খবর।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, তবে সংলগ্ন কয়েকটি জায়গার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বাড়বে তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে বলে জানা গিয়েছে।

ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতার বেশ কিছু এলাকায়। রবি ও সোমবার  পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

About Post Author