Home » পুজোতে পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল

পুজোতে পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল

সময় কলকাতা ডেস্কঃ দুর্গাপুজোতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেল। জেলে যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে সকলকে পুজোর শুভেচ্ছাও জানান প্রাক্তন মন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের তাকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর তাই এবার পুজোয় জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। পাশাপাশি, আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই কাটবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এবং অশোক সাহার।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বুধবার পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।

অন্যদিকে, গরু পাচার মামলায় বুধবার আদালতে তোলা হয়েছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান আইনজীবীরা কিন্তু তাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ফলে এবারের দুর্গাপুজো জেলই কাটাতে হবে অনুব্রতকেও।

About Post Author