Home » কুড়মি জনজাতির বিক্ষোভের আঁচ পড়ল হাওড়াতে

কুড়মি জনজাতির বিক্ষোভের আঁচ পড়ল হাওড়াতে

সময় কলকাতা ডেস্কঃ চারদিন পেরিয়ে গেলেও বিক্ষোভ অব্যাহত। এবার কুড়মি জনজাতির বিক্ষোভের আঁচ পড়ল হাওড়াতেও। শুক্রবার সকালে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছয়। এরপর সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রানি রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেয় তারা। রানি রাসমণি রোডে একটি সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রায় সাত হাজার মানুষ রওনা দিয়েছিলেন কলকাতায়। আদিবাসী সম্প্রদায়ের মিছিলের জেরে হাওড়া ব্রিজে ব্যাহত যান চলাচল। সাঁওতাল এবং হুল সম্প্রদায়ের মানুষ শুক্রবার সকালে বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে এসে পৌঁছয়। সেইখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রানি রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই তাঁদের সমাবেশ রয়েছে।

অন্যদিকে এখনও পর্যন্ত রেল অবরোধ চলছে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে। পাশাপাশি মেদিনীপুরের খেমাশুলি স্টেশনেও জারি রয়েছে অবরোধ। রেললাইনের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে কুর্মি জনজাতির মানুষ। আর এই বিক্ষোভের কারণেই প্রায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। তার জেরে নিত্যযাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন আরও বহু পর্যটকও।

প্রসঙ্গত, তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয়েছিল কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। মঙ্গলবার থেকে একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হয় কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা। এমনকী ব্যাহত যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। তাদের দাবি, যতদিন না পর্যন্ত তাদেরক দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে।

About Post Author