Home » ক্রিকেটকে বিদায়, ঘরে ফিরলেন ঝুলন

ক্রিকেটকে বিদায়, ঘরে ফিরলেন ঝুলন

সময় কলকাতা ডেস্কঃ ক্রিকেটকে বিদায় জানিয়ে পুজোর আগে ঘরে ফিরলেন বঙ্গকন্যা চাকদাহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী।

শনিবার লর্ডসে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে সোমবার সকালে কলকাতা ফেরেন ঝুলন। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ বাংলা ক্রিকেটের একাধিক কর্তা ব্যক্তিরা। এদিন কলকাতা বিমানবন্দরে খুদে ক্রিকেটাররা এবং সিএবি কর্তারা সংবর্ধনা জানান তাকে। ঝুলন জানান, প্রতিটি খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়। জীবনের প্রথম আর শেষ ম্যাচ জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে অন্যতম। ২০১৭ সালে বিশ্বকাপ তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য ম্যাচ।

তিনি আরও বলেন, ”আমি খুব ভাগ্যবান। লর্ডসের মতো মাঠে কেরিয়ার শেষ করতে পেরেছি।” শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ওয়ানডে সিরিজ ৩-০ জিতে নিয়েছে।

এদিন অভিষেক ডালমিয়া জানান, “ঝুলন একজন লেজেন্ড। সে অবসর নিয়েছে তাকে কোথায় সংবর্ধিত করা হবে সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করার পরেই আমরা সিএবির তরফ থেকে তাকে সংবর্ধিত করব। প্রত্যেক খেলোয়াড়ের জন্য এটা আবেগঘন মুহূর্ত। আমরা ঝুলনকে মাঠে মিস করবো। ওনার ডেডিকেশানকে আমরা ফলো করব।”

About Post Author