Home » শুরু হল উচ্চপ্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

শুরু হল উচ্চপ্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

সময় কলকাতা ডেস্কঃ প্রতীক্ষার অবসান। দীর্ঘ জটিলতার পর ফের শুরু হল উচ্চপ্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। উৎসবের মরশুমে আরও ১৫৮৫ জন যোগ্যপ্রার্থীর ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। শুক্রবার হাইকোর্টের অনুমতি পাওয়া মাত্রই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া।  প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর থেকে ডাউনলোড করতে পারবেন নিজেদের ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার।
এদিন বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় সব আসল নথি, সার্টিফিকেট ও সেগুলির ফটোকপিও করিয়ে আনতে বলা হয়েছে। আসল নথি যাচাইয়ের সময় কোনও রকম গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে,কেউ আসল নথি না দেখাতে পারলে তাকে ইন্টারভিউ দিতে দেওয়া হবে না। এমনকী নির্ধারিত দিন ও সময়ের মধ্যে ইন্টারভিউয়ে কোনও প্রার্থী উপস্থিত না হলে, তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে এবং পুনরায় তাঁকে আর সুযোগ দেওয়া হবে না।


উল্লেখ্য,গত মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১৫৮৫ জনের ইন্টারভিউ এখনও বাকি রয়েছে।  পুজোর ছুটির আগেই এই পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্টের অনুমতি পাওয়া যাবে।  আমি কথা দিচ্ছি, পুজোর ছুটির আগেই এ বিষয়ে অনুমতি পেলে ইন্টারভিউ জন্য বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।’ এবার সেই কথাই রাখলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

About Post Author