সময় কলকাতা ডেস্কঃ দফায় দফায় জেরা করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত থেকে দফায় দফায় জেরা কjরছে ইডি। রাতভর জেরার পর বুধবার সকাল ১০টা থেকে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। গোটা নিয়োগ দুর্নীতির মূল পান্ডা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, আদালতে এমনটাই জানিয়েছে ইডি । ২০১১ সালের পর মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই নিয়োগে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরেন ইডির আইনজীবী।
সূত্রের খবর, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, তাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হওয়ার প্রমাণ মিলেছে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পাশাপাশি মানিকের ফোনের কল লিস্ট খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। মানিকের ফোনে রয়েছে ‘RK’ এবং ‘DD’ নামে দুই ব্যক্তির নম্বর। একাধিকবার ‘RK’-কে ফোন করেছেন মানিক ভট্টাচার্য। ‘RK’ এবং ‘DD’ নামের ওই দুই ব্যক্তি কারা? তা খতিয়ে দেখতেই মানিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল মানিক ভট্টাচার্যকে, সেই প্রশ্ন তুলে বুধবার ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। আপাতত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না আদালত, জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি