সময় কলকাতা ডেস্কঃ বুধবারও সায় দিল না দিল্লি হাইকোর্ট। পরবর্তী শুনানি বৃহস্পতিবার। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ মিলল না দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানির পর রায় জানাবে আদালত। বুধবার বিচারপতি সুধীর কুমার জৈনের বেঞ্চে শুনানিতে আপাতত কোনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি হাইকোর্ট।
এ দিন সায়গল হোসেনের আইনজীবী মনু শর্মাকে দিল্লি হাইকোর্টের বিচারপতির প্রশ্ন, সায়গলকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে রেখে ইডি জেরা করলে কি সমস্যা? মনু শর্মা জানিয়েছেন, আসানসোলে জেল হেফাজতে থাকাকালীন কেন সায়গল হোসেনকে জেরা করলেন না ইডির আধিকারিকরা? এই প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী জানান, কোথায় জেরা করা হবে সেই স্থান কখনও অভিযুক্ত ঠিক করতে পারেন না। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে সায়গলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। একাধিকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। ৯ জুন সায়গল হোসেনকে তলব করা হয়েছিল। সেদিনই দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করা হয় সায়গলকে। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করছে সায়গল, সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খাওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করে ইডি। অবশেষে ইডির আরজি মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পায় ইডি।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু