Home » ‘স্কচ অ্যাওয়ার্ডে’ ভূষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

‘স্কচ অ্যাওয়ার্ডে’ ভূষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের মুকুটে নয়া পালক। এবার ‘স্কচ অ্যাওয়ার্ডে’ ভূষিত হল বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। শুক্রবার রাতে একটি টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছেন। এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘নারী ও শিশু কল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার। নারীদের ক্ষমতায়নকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি। এটা শুধু সরকারের স্বীকৃতি নয়, গোটা বাংলার ১ কোটি ৮০ লাখ ক্ষমতাশালী মহিলার স্বীকৃতি।’

রাজ্যে ফের ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। এদিনের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সমস্ত জেলাশাসক থেকে শুরু করে পুর কমিশনেরা। জানা গিয়েছে,দুয়ারে সরকারের এই ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন গ্রহণ করা হবে। ফলত ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের সুযোগ পাবেন রাজ্যের মহিলারা।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় যখন গোটা দেশের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, রোজগার বন্ধ হয়ে গেছিল, সেই পরিস্থিতিতেই বাড়ির মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেন মমতা। মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক প্রকল্পেরই নাম দেন লক্ষ্মীর ভাণ্ডার। জানা গিয়েছে,দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। দুয়ারে সরকার কর্মসূচিকে ২০২১ সালে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্সে সম্মানিত করা হয়।

About Post Author