সময় কলকাতা ডেস্ক: টি-২০ বিশ্বকাপের স্বপ্নে ইতি। সেমিফানালে হার রোহিত বাহিনীর। অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে ৪ ওভার বাকি, থাকতে ১০ উইকেটে হারল ভারত। গ্ৰুপ স্টেজে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দল এদিন শুরু থেকেই ছন্দহীন। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। বিরাট কোহলি (৪০ বলে ৫০ রান) ও হার্দিক পান্ডিয়ার (৩৩ বলে ৬৩ রান) জোড়া অর্ধ শতরানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। একটি করে উইকেট নেন আদিল রশিদ ও ক্রিস ওকস। ১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ১৬ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জোড়া অর্ধশতরান করেন অধিনায়ক বাটলার (৪৯ বলে ৮০ রানে অপরাজিত) ও আলেক্স হেলস (৪৭ বলে ৮৬ রানে অপরাজিত)। এদিন ম্যাচের সেরা হন ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস। 
এই নিয়ে আরও একটি সেমিফাইনালে হারের মুখ দেখল ভারত। গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে ঘটেছে অনেক রদবদল। বিসিসিআই সভাপতি থেকে শুরু করে বদল হয়েছে দলের অধিনায়কের। কিন্তু সেমিফাইনালে হারের অভ্যাসটার বদল হলনা। শুরু থেকে ম্যাচের রাশ ছিল বাটলার বাহিনীর হাতে। ভারতীয় দলের শরীরী ভাষা দেখে একবারও মনে হয়নি ২০১৩ সালের পর কোনও আইসিসি ট্রফি জেতার জন্য তাঁরা ক্ষুধার্থ। আর সব দিক থেকেই রোহিত বাহিনীকে টেক্কা দিয়ে গেল ইংল্যান্ড। আর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত পাকিস্তান দ্বৈরথের স্বপ্নও চুরমার হয়ে গেল ক্রিকেটপ্রেমীদের।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে হারের পর ফের প্রশ্ন উঠবে ভারতীয় ওপেনিং জুটি নির্বাচন নিয়ে। এদিনও বাটে রান নেই লোকেশ রাহুলের। মাত্র ৫ বলে ৫ রান করে ওকসের বলে ফেরেন রাহুল। অধিনায়ক রোহিত শর্মা ২৭ রান করতে নেন ২৮ বল। অর্ধ শতরান করলেও বিরাটের ব্যাটের গতিও ছিল বেশ শ্লথ। অন্যদিন ভারতের ওপেনারদের ব্যর্থতা যিনি ঢেকে দেন সেই সূর্য ও আজ ম্লান। ১০ বলে ১৪ রান করে রশিদের বলে আউট হন তিনি। ভারতকে ম্যাচে ফেরানোর শেষ চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর ৩৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস আজ ভারতকে জেতানোর জন্য যথেষ্ট ছিলনা। ভারতের ইনিংস শেষ হয় ১৬৮ রানে। কম রানে ভারতের ইনিংস শেষ হওয়ার পিছনে ইংল্যান্ডের কৃতিত্বও কম নয়। একদম পরিকল্পনা মাফিক ভারতীয় ব্যাটারদের আটকে দিল ইংল্যান্ড খেলোয়াড়রা।

১৬৮ রানের লক্ষ্যমাত্রা অ্যাডিলেডের পিচে বিশাল রান নয়। কিন্তু ভারতীয় বোলাররাও এদিন নিষ্প্রভ। রান তাড়া করতে নেমে বাটলার এবং হেলসের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মত উড়ে গেল ভারতীয় বোলাররা। কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভুবনেশ্বর, অশ্বিনরা। কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।

গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই স্মৃতিই ফের একবার ফিরল অ্যাডিলেডে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে