Home » তবে কি আসন্ন ময়দানের ভারত-পাক যুদ্ধ?

তবে কি আসন্ন ময়দানের ভারত-পাক যুদ্ধ?

সময় কলকাতা ডেস্ক : নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে বিশ্বকাপের ফাইনালে উঠল পাকিস্তান। এবার ইংল্যান্ডকে ভারত হারাতে পারলেই টি-টোয়েন্টি  বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। পাকিস্তানের জয়ের সঙ্গে সঙ্গে আশু সম্ভাবনা দেখা দিয়েছে দুই চির প্রতিদ্বন্দী দেশের  মধ্যে আরো একটি বিশ্বকাপ ফাইনালের। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে ভারত হারাতে পারলেই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিশেষ উন্মাদনার ম্যাচ দেখার সুযোগ মিলবে। যদিও ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ এবং ভালো ফর্মে রয়েছে। এখন নজর তাই  ভারত বনাম ইংল্যান্ড  সেমিফাইনাল ম্যাচের দিকে।

বুধবার পাক অধিনায়ক বাবর আজম ও উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান ওপেনিং পার্টনারশিপে  কার্যত জয় নিশ্চিত করে দেন পাকিস্তানের। ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় পাকিস্তান। বাবর আজম ও রিজওয়ান দুজনেই অর্ধশত রান করেন। আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে  নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল । শাহিনশাহ আফ্রিদি এদিন ছিলেন  পাক বোলিংয়ের এদিনের শাহেনশা। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে দুটি উইকেট পান তিনি। নিউজিল্যান্ডের হয়ে  ড্যারেল মিচেল ছাড়া কেউই আধিপত্য নিয়ে পাক বোলিংয়ের মোকাবিলা করতে পারেননি। ৩৫ বলে অপরাজিতা ৫৩ রান করেন তিনি। উইলিয়ামসন  প্রচুর বল নষ্ট করেন। কনওয়ে থিতু হওয়ার আগেই রান আউট হয়ে যান। টার্গেট বেশি না থাকলেও এই বিশ্বকাপেই একাধিকবার  অল্প রানের টার্গেট তাড়া করে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। এদিন সেই চিত্রের পুনরাবৃত্তি হয়নি। সৌজন্য বাবর আজম ও রিজওয়ান। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই  ভারত পাকিস্তান ম্যাচের গন্ধ পেতে শুরু করেছেন দুই দেশের ক্রীড়াপ্রেমীরা  ।।

About Post Author