Home » ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে ডেঙ্গি সংক্রমণ। নিত্যদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। এর মাঝেই রাজ্য সরকারকে বারবার নিশানা করছে বিরোধীরা। তারা তুলে এনেছে স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োজনীয় বরাদ্দের অভাব, তথ্য গোপনের মত অভিযোগও। এরমাঝেই শাসকপক্ষও পাল্টা তাঁদের বক্তব্য রাখছে।

সোমবারও শহরের দু-প্রান্তে কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়। আর তা নিয়েই একযোগে বিরোধীদের নিশানা শানিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও প্রতিবাদের সেই রাস্তার বিরোধীরা অপব্যবহার করছে বলে জানিয়ে তাঁর খোঁচা, ‘পারলে আদিত্যনাথের রাজ্যে গিয়ে বিক্ষোভ দেখান, কারণ ওখানে ডেঙ্গির প্রকোপ এবারে সবথেকে বেশি। ওখানে গিয়ে পারবেন না, কারণ ওঁদের পুলিশ মেরে তুলে দেয়। ওখানে বুলডোজার চলে আর বাংলায় গণতন্ত্র। কলকাতায় এখনও অবধি ২৬ জনের মৃত্যু হয়েছে। আর শহরে আক্রান্তের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গেছে। কলকাতা পুরসভার সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে ১০০-জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত।

স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই ফাঁকা জমি ও দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাড়িগুলিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুরনিগমের তিনটি হাসপাতালে বেডের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অন্যদিকে ফের একবার স্বাস্থ্য ভবনের কর্তারা ড্রোন উড়িয়ে খালগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কথাও মনে করিয়ে দিয়েছেন। সূত্রের খবর,কলকাতায় এখনও পর্যন্ত বন্ধ অবস্থায় থাকা ১৭০টি বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে তালা ভেঙে ঢুকে পুরকর্মীরা সাফাই করেছেন।

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,‘তালাবন্ধ হয়ে পড়ে থাকা বাড়িগুলিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর কথা বলা হয়েছে। একটি বাড়ির জন্য আশপাশের অন্যান্য বাড়ির মানুষকে বিপদে ফেলা যায় না। এ বিষয়ে অবশ্যই প্রত্যেককে সতর্ক হতে হবে।’

কলকাতায় ক্রমশই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি থ্রি। আচমকাই ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। অধিকাংশ ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট কাউন্ট কমছে না। অথচ অক্সিজেন লেভেল ওঠানামা করছে। কার্যত সেই কারণেই হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে

About Post Author