Home » মিজোরামে পাথর খাদানে ধসে মৃত বাংলার ৫ শ্রমিক 

মিজোরামে পাথর খাদানে ধসে মৃত বাংলার ৫ শ্রমিক 

সময় কলকাতা ডেস্কঃ মিজোরামে পাথর খাদানে ধস নেমে মৃত আটজন শ্রমিকের মধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই সরকারের তরফে পাথর খাদানে ধসে মৃতদের নাম ও ঠিকানা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতেই দেখা গিয়েছে, পাঁচ বাঙালি শ্রমিকের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা। তাঁরা হলেন, মদন দাস,রাকেশ বিশ্বাস, মিন্টু মণ্ডল ও বুদ্ধদেব মণ্ডল। বাকি এক শ্রমিক সুব্রত রাপ্তান, উত্তর ২৪ পরগনার দোলখালি খুলনাকর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখেই তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। ওই ঠিকাদার সংস্থা মিজোরামে জাতীয় সড়ক নির্মাণ করছিল। সেই রাস্তা নির্মাণের জন্যই পাথর খাদান থেকে পাথর আনার কাজ করছিল ওই ১৫ জন শ্রমিক। তাঁদের মৃত্যুর খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য,এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয়-পরিজন সবাই।

উল্লেখ্য,সোমবার দক্ষিণ মিজোরামের নাহথিয়াল জেলার মাউদারোতে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। কমপক্ষে ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে। খবর পেয়েই পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের বা ওয়াইএমএ-র স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছন। তাদের উদ্ধার কাজে সাহায্যের জন্য ডাকা হয় বিএসএফ এবং অসম রাইফেলসের জওয়ানদেরও। হানথিয়াল জেলার আধিকারিকরা এবং একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে গিয়েছে। রাজ্য সরকারও ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়।

সূত্রের খবর,পাথরের ওই খনিটি মিজোরামের রাজধানী আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলায় অবস্থিত। আর হানাথিয়াল শহর থেকে প্রায় ২৩ কিমি দূরে অবস্থিত মাউদারহ গ্রাম। হানথিয়াল এবং ডন গ্রামের মধ্যে একটি মহাসড়ক তৈরি করা হচ্ছে। তার জন্যই ওই পাথর ভাঙার খনি থেকে বোল্ডার সংগ্রহ করা হচ্ছিল।

About Post Author