সময় কলকাতা ডেস্ক: গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে ইডির আধিকারিকরা। উল্লেখ্য, ১৭ অক্টোবর গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয় অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল থেকে গ্রেফতার করেছিল ইডি। ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত। একদিকে সায়গলকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে আসানসোলে এসে কেষ্টকে জিজ্ঞাসাবাদ। তাঁকেও এরপর দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি