Home » ফের শুটআউট সোনারপুরে

ফের শুটআউট সোনারপুরে

সময় কলকাতা ডেস্কঃ ফের সোনারপুরে শুটআউট। দক্ষিন ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদ এলাকার ঘটনা। শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় কামরাবাদ এলাকা থেকে উদ্ধার হয় লাল্টু হাজরা নামে এক যুবকের মৃতদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও দুরাউন্ড গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুব কাছ থেকেই ওই যুবকের পেটে ও হাতে গুলি করা হয়েছে বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামরাবাদ এলাকায় ময়ূখ ভট্টাচার্য নামে এক বন্ধুর বাড়িতে মাঝেমধ্যেই লাল্টু সহ বেশ কয়েকজন বন্ধু থাকত। তবে শুক্রবার ময়ূখের বাড়িতে লাল্টু একাই ছিলেন। এদিন রাত সোয়া ১২টা নাগাদ বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে কথাও হয় তাঁর। তারপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি। বিশ্বজিতের দাবি,এদিন রাত ২টোর পর তিনি বাড়ি ফিরতেই শিউরে ওঠেন। ঘরে ঢুকতেই তিনি দেখেন লাল্টুর রক্তাক্ত দেহ বিছানার উপর পড়ে রয়েছে। এরপরই বিশ্বজিৎ তড়িঘড়ি সোনারপুর থানায় খবর দেন। খবর পেয়েই সোনারপুর থানার পুলিশ ছুটে যায় কামরাবাদের ওই ঘটনাস্থলে। উদ্ধার করা হয় লাল্টুর দেহ। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ও গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুব কাছ থেকেই লাল্টুর পেটে ও হাতে গুলি চালানো হয়। আর তাতেই তাঁর মৃত্যু হয়। যদিও কে বা কারা লাল্টুকে গুলি করেছে সেই বিষয়ে নিশ্চিত নন লাল্টুর পরিবারের সদস্যরা।

তবে,পরিবার সূত্রে জানা গিয়েছে,লাল্টু কর্মহীন ছিল। আগামী কয়েকদিনের মধ্যে একটি বিস্কুট কারখানায় কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পরিবার ও প্রতিবেশীদের দাবি,খুবই ভালো ও মিশুকে ছেলে ছিল লাল্টু। অন্যের বিপদে বরাবরই ঝাঁপিয়ে পড়ত সে। তবে ঠিক কি কারণে তাঁকে খুন করা হল বা এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা নিয়েই দানা বাঁধছে রহস্য। এদিকে লাল্টুর ভাইয়ের দাবি,লাল্টুর কোনও শত্রু ছিল না, বন্ধু প্রচুর ছিল। সম্প্রতি ছোটখাটো জমির দালালি করছিল সে। সেইজন্যই শত্রুতা বেড়েছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কোন বন্ধুও জড়িত থাকতে পারে। তবে খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

About Post Author