Home » বিপুল পরিমাণে টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে 

বিপুল পরিমাণে টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে 

সময় কলকাতা ডেস্কঃ হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা। সন্দেহজনক এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার নগদ ৩৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই টাকা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্ম এর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক যাত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। এরপরই তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে নগদ ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। সূত্রের খবর, ওই যাত্রীর নাম রাজকুমার বিন্দ। ৩৯ বছর বয়সি রাজকুমার আদতে উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। সে বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে হাওড়ায় এসেছিল। ইতিমধ্যেই পুরো টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় আয়কর দফতরে। তাঁদের হাতে উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। ওই টাকা কোথা থেকে তার কাছে এল এবং উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ নামে ওই ব্যক্তি টাকা নিয়ে এখানে কেন এসেছিল, সেসব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আয়কর দফতর সূত্রে খবর। এই টাকা কলকাতায় কাকে দেওয়ার কথা ছিল এবং কোনও ব্যক্তি এই টাকা তার মাধ্যমে বাংলায় পাঠিয়েছে কিনা, তাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।

About Post Author