সময় কলকাতা ডেস্ক: শিক্ষক নিয়োগে দুর্নীতির কতটা বড় ছিল, সোমবার কলকাতা হাইকোর্টে তা স্পষ্ট করে জানাল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অধীনে হাইকোর্ট যে সিট গঠন করেছিল, তারা এদিন রিপোর্ট পেশ করে জানিয়েছে, মোট ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছিল এসএসসি। সেই দুর্নীতি করতে গিয়ে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে এর আগেও প্রাথমিক চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটেই সিবিআই জানিয়েছিল, ওএমআর শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপ্রসাদ সিনহা ও সুবীরেশ ভট্টাচার্য জড়িত বলে জানানো হয়েছিল চার্জশিটে।
শুধু তাই নয়, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই আরও জানিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের দফতর এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। এর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও গভীর তদন্তের নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের অধীনে সিট গঠন করতে বলা হয়। অশ্বিনী সিংভির নেতৃত্বে সেই সিট সোমবার সেই রিপোর্ট পেশ করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি