Home » ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মা উড়ালপুলে

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মা উড়ালপুলে

সময় কলকাতা ডেস্ক: একসপ্তাহে পরপর তিনবার মা উড়ালপুলে পথ দুর্ঘটনা। আজ, শুক্রবার সাতসকালেবেপরোয়া গতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং টপকে অন্য লেনে চলে যায়। বারবার এমন পথ দুর্ঘটনা ওই এলাকায় হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। একসপ্তাহের মধ্যে পরপর তিনটি পথ দুর্ঘটনা ভাবিয়ে তুলেছে স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে একটি বিকট শব্দ হয়। তখন দেখা যায়, একটি গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারে। গাড়িতে থাকা চালক-সহ ৫ আরোহী সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজ সকাল ৬টা নাগাদ সল্টলেক থেকে পার্ক সার্কাসগামী একটি গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারে। তারপর রাস্তার একপার থেকে ডিভাইডার টপকে অন্য লেনে ঢুকে গিয়ে গাড়িটি উড়ালপুলের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। তখন ঘুরে যায় গাড়ির গতিমুখ। গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বেপরোয়া একটি গাড়ি ডিভাইডারে উঠে গিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরেছিল। তার জেরে কংক্রিটের পিলার উপড়ে গিয়ে উল্টোদিকের লেনে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। আর ১৪ ডিসেম্বর মোটরবাইক চালিয়ে নিউটাউন যাচ্ছিলেন বেহালার এক বাসিন্দা। পথে হঠাৎ ঘুড়ির সুতোয় জড়িয়ে যান তিনি। ঘুড়ির সুতোয় কেটে যায় মুখের পাশ থেকে ঘাড়। তখন ক্ষতস্থল ফার্স্টএইড করে দেয় পুলিশ। আর আজ ১৬ ডিসেম্বর ফের পথ দুর্ঘটনা মা উড়ালপুলে ।

About Post Author