সময় কলকাতা ডেস্কঃ অনুব্রত মণ্ডলকে ‘প্রভাবশালী’, বলে উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। গরু পাচার মামলায় অনুব্রতর জামিনকে আর্জি জানিয়ে যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার শুনানিতেই শুক্রবার একথা বলেন খোদ বিচারপতি। পাশাপাশি, এদিন নিম্ন আদালতের বিচারকের কাছে আসা হুমকি চিঠির কথাও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। ফলে আরও জটিল হয়ে উঠেছে অনুব্রতর জামিন পাওয়ার বিষয়টি। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি।
এদিন, অনুব্রতর পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।তিনি উল্লেখ করে বলেন গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অন্যতম অভিযুক্ত এনামুল হক, জামিন পেয়েছেন সতীশ কুমারও। অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন আইনজীবী। তিনি উল্লেখ করেন, চার মাস জেলে কাটিয়ে ফেলেছেন অনুব্রত, ৬ অক্টোবর চার্জিশিটও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি