Home » কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এই ব্যায়াম করুন 

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এই ব্যায়াম করুন 

সময় কলকাতা ডেস্কঃ আমরা সবাই কমবেশি বাইরের তেলমশলা যুক্ত খাবার খেয়ে থাকি। সেই কারণেই বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটের নানা সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে। এইসময় খাওয়াদাওয়ায় নিয়ম মেনে চলার পাশাপাশি শরীরচর্চা করাও খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও শরীরচর্চা করা উচিত। দেখে নেওয়া যাক এইসময় কোন ব্যায়ামগুলি করবেন-

বজ্রাসন

এই আসনটি করতে প্রথমে কোনও সমতল জায়গায় পিছন দিকে হাঁটু মুড়ে বসুন। এবার হাঁটু দু’টি একে অপরের সঙ্গে জুড়ে পায়ের গোড়ালির উপর বসুন। এরপর দু’হাতের তালু হাঁটুর উপরে সোজা করে রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে তিন-চার মিনিট এই অবস্থায় বসুন। কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

পবনমুক্তাসন

প্রথমেই সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে দু’হাত দিয়ে চেপে ধরুন। মনে রাখতে হবে হাঁটু যেন বুক ও পেটের সংস্পর্শে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ডান হাঁটু ধীরে ধীরে নামিয়ে বাঁ হাঁটু বুকের কাছে একই ভাবে তুলে আনুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর বাঁদিকের হাঁটু নামিয়ে নিন। পুজোর এই কয়েকটি দিন নিয়ম করে চার-পাঁচ মিনিট এই ব্যায়াম করলে অতি সহজেই হজমের সমস্যা দূর হবে।

ভুজঙ্গাসন

প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন। এবার মাথা উপরের দিকে তাকান। এইভাবে ২০-৩০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান।

About Post Author