Home » বিশ্বকাপ থেকে ফিরে অনবদ্য ব়্যাশফোর্ড, কারাবাও কাপের শেষ আটে রেড ডেভিলসরা 

বিশ্বকাপ থেকে ফিরে অনবদ্য ব়্যাশফোর্ড, কারাবাও কাপের শেষ আটে রেড ডেভিলসরা 

সময় কলকাতা ডেস্ক: বিশ্বকাপের পালা শেষ। ফের চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশের ক্লাব ফুটবলের খেলা। কারাবাও কাপের শেষ ষোলোয় বার্নলেকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের পক্ষে এদিন গোল করেন ক্রিস্টিয়ান এরিকসন ও মার্কাস ব়্যাশফোর্ড।

বুধবার মধ্যরাতে কারাবাও কাপের শেষ ষোলোয় ওল্ড ট্রাফোর্ডে বার্নলের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন শুরু থেকেই একাধিক বিশ্বকাপ খেলে আসা ফুটবলারকে প্রথম দলে রাখেন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে নজর কাড়া মিডফিল্ডার ক্যাসেমিরো এদিন সেন্টার ব্যাক খেলেন। পাশাপাশি জাতীয় দলে ক্যাসেমিরোর সতীর্থ আন্তোনি ও ফ্রেডকেও পরিবর্ত হিসেবে দেখে নেন ইউনাইটেডের ডাচ কোচ। কাতার থেকে ফিরে প্রথম দলে খেললেন ব়্যাশফোর্ড, ব্রুনো, ম্যালাসিয়ারা।

এদিন শুরু থেকেই জেতার মেজাজেই দেখা যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন। দীর্ঘদিন পর প্রথম দলে সুযোগ পেয়ে দুরন্ত খেললেন ভ্যান-বিসাকা। ডান প্রান্ত থেকে বিসাকার মাপা ক্রস থেকেই দলকে এগিয়ে দিয়েছিলেন এরিকসন। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরী হলেও কাজে লাগাতে পারেননি গ্য়ারনাচো। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের বার্নলের রক্ষণে চাপ বাড়াতে থাকে ইউনাইটেড। ম্যাচের ৫৭ মিনিটে ম্যাকটমিনয়ের পাস থেকে অনবদ্য গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান ব়্যাশফোর্ড। গোটা ম্যাচে সোলো রান, ড্রিবলিং করে বিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেন এদিন ম্যাচের সেরা এমআরটেন।

অপরদিকে আগামী মরশুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবেন ডিফেন্ডার দিয়োগো দালোত, লুক শ, মিডফিল্ডার ফ্রেদ ও ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, চার জনের সঙ্গেই এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংলিশ ক্লাবটি। প্রসঙ্গত আগামী জুনে এই চার জনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্লাবের। সূত্রের খবর, দালোত, র‍্যাশফোর্ড ও গারনাচোর সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির প্রক্রিয়া শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।

About Post Author