Home » পানশালাতে ‘ব্রেথ অ্যানালাইজার’ রাখার নির্দেশ লালবাজারের

পানশালাতে ‘ব্রেথ অ্যানালাইজার’ রাখার নির্দেশ লালবাজারের

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদ। শুক্রবার শুধু চলতি মরসুমের নয়, গত ৫ বছরের মধ্যে শীতলতম দিন কলকাতার। ২০১৮ সালের পর মহানগরে এত ঠান্ডা এদিনই প্রথম। উত্তুরে হাওয়ার দাপটে জেলায় হাড়-হিম শীত। আর এতেই জানুয়ারির প্রথম দিন থেকে শহরের পানশালাগুলিতে ভিড় জমতে শুরু করেছে। চিন্তার ভাঁজ বেড়েছে লালবাজারের আধিকারিকদের। তাই এবার দুর্ঘটনা এড়াতে মদ্যপানের পর পানশালাতেই পরীক্ষা দিতে হবে ‘নেশা’র। শহরের পানশালাগুলিতে অবিলম্বে ‘ব্রেথ অ্যানালাইজার’ প্রস্তুত রাখার নির্দেশ দিল লালবাজার। যদিও এই নির্দেশের তীব্র আপত্তিও তুলেছেন পানশালা মালিকরা। লালবাজারের তরফে যুগ্ম কমিশনার (সদর) এই নির্দেশ দিয়েছেন। যেখানে বলা হয়েছে, পানশালা থেকে বেরোনোর সময় এই পরীক্ষা বাধ্যতামূলকভাবে করতে হবে। চার চাকার গাড়ি ও বাইক চালিয়ে যাঁরা ফিরবেন, তাঁরা যাতে মাত্রাতিরিক্ত নেশা করে না ফেরেন সেই জন্যই এই নির্দেশিকা। মূলত শহরে পথদুর্ঘটনা কমাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। যদি কারও ব্রেথ অ্যানালাইজারে নেশার মাত্রা অতিরিক্ত ধরা পড়ে তাহলে পানশালা কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। যদিও ইতিমধ্যেই পানশালা মালিকরা এই নির্দেশের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অধিকাংশ ক্ষেত্রেই দু’ চাকার গাড়িতে দুর্ঘটনার অভিযোগ উঠছে। অনেকক্ষেত্রেই দেখা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যেই দুর্ঘটনা ঘটছে। সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে প্রচার সত্ত্বেও অনেক সময়ই গতির বলি হচ্ছে এ শহরে।

তাই এবার কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পানশালাগুলিতে ব্রেথ অ্যানালাইজার রাখতে হবে। যদিও পানশালা মালিকদের একাংশের বক্তব্য, রাতের বেলা যে পরিস্থিতি তৈরি হয় তাতে যদি কারও নেশার মাত্রা অতিরিক্ত হয় তা হলে কর্তৃপক্ষই বা কীভাবে তাঁদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করবেন? তবে এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অনেকের মতে সাধারণভাবে কোনও পানশালার মালিকই এতে রাজি হবে না। ওদেরও ইউনিয়ন আছে। সেটা ওরা কীভাবে নেবে সেটাও জানি না। এটা পুলিশের এমন প্রচেষ্টা, যা সফল হলে খুবই ভাল হবে। কিন্তু একইসঙ্গে বাস্তবতাটাও বুঝতে হবে। যিনি পানশালায় যাচ্ছেন, তাঁকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে যদি পরীক্ষা করানো হয় তা হলে তো মাত্রা অনেকক্ষেত্রেই ছাড়াবে।

About Post Author