সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ ছুটির দিনে সকাল হতে না হতেই বিপত্তি। রবিবার সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইস্পাত এক্সপ্রেস। আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে বাঁকসাড়া রেল গেট পেরোনোর সময় , আচমকাই ট্রেনের তৃতীয় ও চতুর্থ কামরা খুলে যায়। তবে ট্রেনের গতি খুব বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি জোড়ার কাজ চলছে। যার জেরে কিছুটা ব্যাহত হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা।
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৮:৪৩ মিনিটে রওনা দেয়। সকাল ৯:০৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। রবিবার সকাল ৯:২৫-৯:৪৮ মিনিট মেরামতির কাজ সেরে ট্রেনটি ফের তাঁর গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে বলেই জানা যাচ্ছে। ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। রেলের বগি খুলে যাওয়ার এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন যাত্রীরা। একইভাবে যাত্রী সুরক্ষাও প্রশ্নের মুখে পড়ছে বলেই অভিমত যাত্রীদের।

তবে এদিন ঠিক কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে, ট্রেনটিকে সাঁতরাগাছি স্টেশনে নিয়ে গিয়ে সেখানেই বগিটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি